logo
প্রবাসের খবর

বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা আবেদন একযোগে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে০৪ নভেম্বর ২০২৫
Copied!
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা আবেদন একযোগে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।

নথি অনুযায়ী, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি), কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি অংশীদার সংস্থা মিলে ভুয়া ভিজিটর ভিসা আবেদন শনাক্ত ও বাতিলের উদ্যোগ নিয়েছে।

প্রেজেন্টেশনে ভারত ও বাংলাদেশকে ‘দেশভিত্তিক চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রস্তাবিত মাস ক্যানসেলশন পাওয়ার বা একযোগে ভিসা বাতিলের ক্ষমতা প্রয়োগ করা যেতে পারে মহামারি, যুদ্ধ বা কোনো নির্দিষ্ট দেশের ভিসাধারীদের ক্ষেত্রে।

তবে প্রকাশ্যে ইমিগ্রেশন মন্ত্রী লেনা দিয়াব বলেছেন, এই ক্ষমতা মূলত মহামারি বা যুদ্ধের সময় প্রয়োগের জন্যই চাওয়া হচ্ছে। দেশভিত্তিক আবেদন বাতিলের বিষয়টি তিনি উল্লেখ করেননি।

এই প্রস্তাবটি প্রথমে বিল সি–২ (C-2)–এর অংশ হিসেবে পার্লামেন্টে তোলা হয়েছিল। পরে এটি বিভক্ত হয়ে বিল সি–১২ (C-12) নামে অন্তর্ভুক্ত হয়, যা সরকার দ্রুত পাস করতে চাইছে।

তবে ৩০০টির বেশি নাগরিক সংগঠন আইনটির বিরোধিতা করছে। মাইগ্রান্ট রাইটস নেটওয়ার্কসহ অনেক সংগঠন আশঙ্কা করেছে, এই আইন সরকারের হাতে ‘বৃহৎ পরিসরে দেশছাড়া করানোর’ (mass deportation) ক্ষমতা তুলে দিতে পারে।

নথিতে বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের আশ্রয় আবেদন (অ্যাসাইলাম ক্লেমস) ২০২৩ সালের মে মাসে মাসিক ৫০০–র কম থাকলেও ২০২৪ সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২ হাজারে।

ভারত থেকে আসা অস্থায়ী ভিসা আবেদন যাচাই করতে গিয়ে প্রক্রিয়াকরণ সময় ৩০ দিন থেকে বেড়ে ৫৪ দিনে পৌঁছেছে। অনুমোদনের হারও কমেছে—২০২৪ সালের জানুয়ারিতে যেখানে ৬৩ হাজারের বেশি আবেদন অনুমোদিত হয়েছিল, জুনে তা নেমে আসে প্রায় ৪৮ হাজারে।

এ ছাড়া, ২০২৪ সালের জুলাই পর্যন্ত ভারতে ‘no board’ ঘটনার সংখ্যাও বেড়েছে, অর্থাৎ অনেক যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হয়নি। ওই সময় পর্যন্ত ১ হাজার ৮৭৩ জন আবেদনকারীকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য চিহ্নিত করা হয় এবং তাদের প্রক্রিয়াগত ন্যায্যতা সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

তবে বাংলাদেশ সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য ওই নথিতে উল্লেখ করা হয়নি।

আইআরসিসি সিবিসি নিউজকে জানিয়েছে, নতুন ক্ষমতাগুলো কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা পরিস্থিতিকে লক্ষ্য করে নয়। তারা বলেছে, ‘সিদ্ধান্তগুলো একতরফাভাবে নেওয়া হবে না।’

আইআরসিসি আরও জানিয়েছে, তারা ‘অপ্রয়োজনীয় সীমান্ত ভিড় কমানো, তথ্য বিনিময় বাড়ানো এবং ভুয়া ভিজিটর ও অবৈধ সীমান্ত পারাপার হ্রাসের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে।’

এতে বলা হয়েছে, এসব পদক্ষেপের ফলে অবৈধ সীমান্ত পারাপার ৯৭ শতাংশ হ্রাস, আশ্রয় দাবির হার ৭১ শতাংশ কমেছে এবং জালিয়াতির কারণে ভিসা প্রত্যাখ্যানের হার ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, কানাডা সরকার বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। ২০২৩ সালে ব্রিটিশ কলাম্বিয়ায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের সংশ্লিষ্টতার অভিযোগের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে জি৭ সম্মেলনে অংশ নেন। এরপর আগস্টে দুই দেশ নতুন হাইকমিশনার নিয়োগের মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।


সূত্র: সিবিসি নিউজ

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে