logo
প্রবাসের খবর

বাংলাদেশিসহ ইতালির বন্দরে আটক অভিবাসীবাহী জাহাজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ নভেম্বর ২০২৪
Copied!
বাংলাদেশিসহ ইতালির বন্দরে আটক অভিবাসীবাহী জাহাজ
উদ্ধারকারী জাহাজ ‘মারে ইউয়োনিয়োতে’ অভিবাসীরা। ছবি: লা রিপাবলিকা

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৫৮ জন বাংলাদেশি ও মিসরীয় নাগরিক নিয়ে ১৮ দিন ধরে ইতালির সমুদ্রবন্দরে আটকে আছে অভিবাসী উদ্ধারকারী জাহাজ ‘মারে ইউয়োনিয়ো’।

ঢাকার বিডিনিউজ২৪ডটকমের খবর অনুযায়ী, সম্প্রতি তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের উদ্দেশ্যে লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিল বলে ‘লা রিপাবলিকা’ ও ‘এএনএসএ’সহ ইতালির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়।

তবে উদ্ধার হওয়া এই দুই দেশের নাগরিকেরা ‘নিরাপদ দেশের’ বাসিন্দা হওয়ায় এখনো তাদের ইতালির বন্দরে নামার অনুমতি দেয়নি ইতালি সরকার।

এদিকে ভূমধ্যসাগর থেকে ‘নিরাপদ দেশের’ নাগরিকদের উদ্ধার করে ইতালিতে আনার দায়ে আবারও জাহাজটিকে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে একই অভিযোগে মোট তিনবার জরিমানা করা হলো জাহাজটিকে।

বিডিনিউজ২৪ডটকমের খবরে বলা হয়, সম্প্রতি ইতালির করা ‘নিরাপদ দেশের’ তালিকায় ১৯টি দেশের সঙ্গে নাম উঠে আসে বাংলাদেশের। যেসব দেশে যুদ্ধ নেই বা দেশের অধিকাংশ মানুষ নিরাপদ এবং দেশত্যাগের মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি, এসব দেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইতালি সরকার। আর এই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও।

নিয়মানুযায়ী এসব ‘নিরাপদ দেশের’ নাগরিকদের উদ্ধার করার পর আলবেনিয়ায় পাঠানোর কথা রয়েছে। পরে দ্রুত সময়ের মধ্যে সব প্রক্রিয়া শেষে যদি ওই নাগরিক ইতালিতে প্রবেশের অনুমতি পায়, তাহলে তাকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে, অথবা নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।

এর ধারাবাহিকতায় দুই সপ্তাহ আগে ১০ বাংলাদেশি ও ৬ মিসরীয় নাগরিককে আলবেনিয়ায় পাঠানো হয়। এ বিষয়টি নিয়ে ইউরোপীয় আদালতে অভিযোগ করে মানবাধিকার কমিশন ও বামপন্থী রাজনৈতিক দলগুলো। পরে ইইউ আদালতের নির্দেশে তাদের আবারও ইতালির বারি শহরে নেওয়া হয়।

সম্প্রতি ইতালির আদালত থেকে এক বাংলাদেশিকে বৈধতা না দেওয়ার সিদ্ধান্তের পর, ইইউ আদালতে আপিল করে বৈধতা পান তিনি। এ বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু হয় ইতালির আঞ্চলিক আদালত প্রাঙ্গণে।

জানা গেছে, ওই বাংলাদেশি ইতালিতে থাকার আবেদন করলে তার আবেদন বাতিল করে দেয় ইতালির বলোনিয়া শহরের আদালত। তবে তিনি বিষয়টি নিয়ে ইইউ আদালতে আপিল করলে তার আবেদন গ্রহণযোগ্য হয়। এতে তিনি বৈধভাবে ইতালিতে থাকার অনুমতি পান।

এ বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞ ইতালিপ্রবাসী মাহফুজুর রহমান বিডিনিউজ২৪ডটকমকে বলেন, ‘ইতালির আদালত ও ইইউ আদালত দুই ধরনের বক্তব্য দিয়েছে৷ ইতালির আদালত বলছে যে, দেশে অধিকাংশ নাগরিক নিরাপদ। সেটিকেই তারা নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করবে। অপরদিকে ইইউ আদালত সংখ্যালঘুসহ সব বিষয়ে যুক্তি উপস্থাপন করছে।’

তবে বলোনিয়া আদালত থেকে এক চিঠির মাধ্যমে ‘নিরাপদ দেশের’ নাগরিক ওই বাংলাদেশি কেন ইতালিতে থাকার অনুমতি পাবে এবং কোন কোন দিক থেকে তারা একটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে তালিকাভুক্ত করবে জানতে চেয়ে ইইউ আদালতে চিঠি পাঠায়।

যদিও ইতালির সরকারের দেওয়া তথ্যানুযায়ী, যদি কোনো দেশের অধিকাংশ মানুষ নিরাপদভাবে জীবন-যাপন করে থাকে, তাহলে সেই দেশটিকে ‘নিরাপদ দেশ’ হিসেবে বিবেচনা করা হবে।

কিন্তু ইইউ আদালত বলছে, যে দেশে সংখ্যালঘু ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিরাপদ, কেবল সেসব দেশই ‘নিরাপদ দেশ’ হিসেবে অন্তর্ভুক্ত হবে। অধিকাংশ মানুষ নিরাপদ আছে কি না সেটি নয়, সবার জন্য নিরাপদ কি না সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: বিডিনিউজ২৪ডটকম

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে