logo
প্রবাসের খবর

ট্রাম্পের ঘোষণার পর পাল্টা ব্যবস্থা নিচ্ছে কানাডা

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে০২ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
ট্রাম্পের ঘোষণার পর পাল্টা ব্যবস্থা নিচ্ছে কানাডা
কানাডা ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সব পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্যযুদ্ধ শুরু করার পর কানাডা পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

গতকাল স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, ফেডারেল সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে। ট্রুডো স্পষ্ট করে বলেন, ‘আমরা এমন একটি দেশের আক্রমণ মেনে নেব না, যে দেশ নিজেকে আমাদের মিত্র ও বন্ধু বলে দাবি করে।’

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে কানাডার অর্থনীতির ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়ে ট্রুডো বলেন, তাঁর দেশও পাল্টা শুল্ক আরোপ করবে। তাঁর ঘোষণামতে, মঙ্গলবার থেকে কানাডায় আসা যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে আরও ১২৫ বিলিয়ন ডলার মূল্যের আমদানি পণ্য এই শুল্কের আওতায় আসবে।

ট্রুডো বলেন, ‘আমরা এ অবস্থানে আসতে চাইনি, কিন্তু কানাডিয়ানদের স্বার্থরক্ষায় আমরা কোনোভাবেই পিছপা হব না।’

প্রতিশোধমূলক শুল্কের আওতায় প্রথম পর্যায়ে আসছে আমেরিকান বিয়ার, ওয়াইন, স্পিরিট, শাকসবজি, পোশাক, জুতা ও সুগন্ধি। এ ছাড়া গৃহস্থালি যন্ত্রপাতি, আসবাবপত্র এবং ক্রীড়া সরঞ্জামের মতো আমেরিকান ভোগ্যপণ্যের ওপরও শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রুডো।

তিনি আরও জানান, ট্রাম্পের এই বাণিজ্যিক শত্রুতার বিরুদ্ধে কেবল শুল্ক আরোপই নয়, কানাডা আরও কঠোর অ-শুল্ক বাণিজ্য পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি পণ্যের রপ্তানিতে বিধিনিষেধ এবং আমেরিকান কোম্পানিগুলোর জন্য সরকারি দরপত্র নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত অন্তর্ভুক্ত থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, এই বাণিজ্যযুদ্ধ উত্তর আমেরিকার অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক শুল্ক নীতির কারণে দুই দেশের সম্পর্ক নতুন সংকটে পড়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে