logo
খবর

ফুটবল-উৎসব ম্লান করে হামজাদের হার

এশিয়ান কাপ বাছাই

প্রতিবেদক, বিডিজেন১১ জুন ২০২৫
Copied!
ফুটবল-উৎসব ম্লান করে হামজাদের হার
সিঙ্গাপুরকে হারানো গেল না এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে।

সিঙ্গাপুর-২; বাংলাদেশ-১

সন্ধ্যা ৭টায় ম্যাচ, কিন্তু দুপুর থেকেই ঢাকা স্টেডিয়ামের দিকে ছিল জনস্রোত। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে ছিল উন্মাদনা। হামজা চৌধুরী, শমিত সোম, তপু বর্মণ, ফাহমিদুল ইসলাম, মিতুল মারমা, তারিক কাজীদের ওপর ছিল দারুণ কিছু করে দেখানোর প্রত্যাশা। বিকেল ৩টার মধ্যেই প্রায় কানায় কানায় ভরে যাওয়া গ্যালারিতে ছিল উচ্ছ্বাস আর উন্মাদনা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদের মেলে ধরতে ব্যর্থতারই পরিচয় দিয়েছে। সুযোগের সদ্ব্যবহার করে সিঙ্গাপুর ম্যাচটা জিতে নিয়েছে ২-১ গোলে।

কোচ হাভিয়ের কাবরেরা আগের দিনই পূর্ণ ৩ পয়েন্টের কথা বলেছিলেন। জয়ই ছিল লক্ষ্য, ম্যাচটা জিতলে ৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে সুবিধাজনক অবস্থানে চলে যাওয়া যেত। কিন্তু জয়ই যেখানে লক্ষ্য, সেখানে ম্যাচের প্রথমার্ধে কোচের কৌশল কতটা আক্রমণাত্মক ছিল, সেটি নিয়ে আলোচনা হতেই পারে। দলের প্রাণভোমরা হামজা চৌধুরীকে প্রথমার্ধে অনেকটাই রক্ষণাত্মক ভূমিকায় দেখা গেছে। তবে বার কয়েক শমিত, ফাহমিদুল, রাকিবরা সিঙ্গাপুরের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছিলেন। গোলের হাফ চান্স তৈরি করা গেলেও সেগুলো যথেষ্ট ছিল না। উল্টো বাংলাদেশের রক্ষণের ফাঁক ফোকর খুঁজে বের করে সিঙ্গাপুরের আক্রমণগুলো ছিল অনেক শাণিত। ফান্দি আহমেদ আর হারিস হারুনেরা গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন ভালোই। যেকোনো সময় গোল হজমের শঙ্কার মধ্যেই ম্যাচের ৪৪ মিনিটে একটি সেট পিস থেকে বাংলাদেশের রক্ষণের জটলার মধ্যে গ্যালারি ভর্তি দর্শকদের স্তব্ধ করে দিয়ে ঠান্ডা মাথায় গোল করেন সং উই ইয়ং।

দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নতুন করে খেলা সাজানোর চেষ্টা করে বাংলাদেশ দল। কিন্তু ৫৮ মিনিটে সিঙ্গাপুর আরও একটি গোল করে এগিয়ে যায়। গোল করেন সিঙ্গাপুর দলের সেরা স্ট্রাইকার ইশখান ফান্দি। একটি আক্রমণ থেকে সিঙ্গাপুরের এক ফরোয়ার্ডের দূরপাল্লার শট গোলকিপার মিতুল মারমা ঠেকালেও ফিরতি বলটি বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়েরা ফেরাতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান সিঙ্গাপুরের হয়ে এর আগে ৩৯ ম্যাচে ২০ গোল করা ফান্দি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর প্রায় অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে নামে বাংলাদেশ। কোচ কাবরেরা বেশ কয়েকটি বদল আনেন একাদশে। যে ধরনের আক্রমণাত্মক কৌশল শুরু থেকেই নেওয়া দরকার ছিল, সেই কৌশলে বাংলাদেশ খেলা শুরু করে ২ গোলে পিছিয়ে যাওয়ার পর। ম্যাচের ৬৬ মিনিটে হামজার অ্যাসিস্ট থেকে রাকিবের শট সিঙ্গাপুরের গোলকিপার ইজওয়ান মাহবুদের হাত ফসকে গোল হলে প্রাণ ফিরে পায় ঢাকা স্টেডিয়ামের গ্যালারি, প্রাণ ফেরে বাংলাদেশের আক্রমণে। সিঙ্গাপুরকে চেপে ধরে এই সময় বাংলাদেশ। একের পর এক আক্রমণে সিঙ্গাপুরের রক্ষণ প্রায় ভেঙে ফেললেও গোলের দেখা পাওয়া যায়নি। এক পর্যায়ে পরপর ৪টি কর্নারও আদায় করে বাংলাদেশ। তারিক কাজীর একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। হামজার একটি শটও বাইরে দিয়ে যায় অল্পের জন্য। সিঙ্গাপুরকে নিজেদের অর্ধে চেপে ধরেও আক্ষেপই ছিল বাংলাদেশের সঙ্গী। দুর্ভাগ্যও সঙ্গী ছিল বাংলাদেশের। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের একটি শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। ফয়সাল আহমেদ ফাহিম সুবিধাজনক জায়গায় বল পেয়েও ওপর দিয়ে মেরে নষ্ট করেন সুযোগ।

এই গ্রুপে অন্য ম্যাচে হংকংয়ে হংকংয়ের কাছে ১-০ গোলে হেরেছে ভারত। হংকংয়ের পয়েন্ট এই মুহূর্তে ৪। বাংলাদেশের বিপক্ষে জিতে সিঙ্গাপুরের পয়েন্টও ৪। মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করা বাংলাদেশ-ভারত, দুই দলেরই পয়েন্ট ১ করে। গোল গড়ে বাংলাদেশের অবস্থা গ্রুপে তৃতীয়। আগামী অক্টোবরে হংকংয়ের সঙ্গে হোম ও অ্যাওয়ে ২টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪৫ বছর পর এশিয়ান কাপের চূড়ান্তপর্বে সুযোগ করে নিতে হংকংয়ের বিপক্ষে জেতার বিকল্প নেই হামজা-শমিত-তপুদের সামনে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে