logo
খবর

অবৈধ পথে ইউরোপ যাত্রায় ভূমধ্যসাগরে মৃত্যু: ১২ শতাংশই বাংলাদেশি

প্রতিবেদক, বিডিজেন৩১ মার্চ ২০২৬
Copied!
অবৈধ পথে ইউরোপ যাত্রায় ভূমধ্যসাগরে মৃত্যু: ১২ শতাংশই বাংলাদেশি
ফাইল ছবি

উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সম্প্রতি ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের বেশির ভাগ সিলেট বিভাগের। এই ঘটনার পর সিলেটজুড়ে শোকের মাতম চলছে। তবে এটি শুধু একক ঘটনা নয়। বরং বিগত কয়েক বছর ধরে বাংলাদেশি নাগরিকেরা বিভিন্ন সময় সাগর পথে ইউরোপ যাত্রা করেছেন। এই অবৈধ পথে ইউরোপ যেতে বিশ্বের সবচেয়ে বেশি মৃতের হার বাংলাদেশিদের। এসব মৃত্যু ঠেকাতে আন্তর্জাতিকভাবে চুক্তি ও এলাকাভিত্তিক সচেতনতা ক্যাম্পেইন জরুরি বলে জানান বিশেষজ্ঞরা।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশের নাগরিকেরা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২০ হাজার ২৫৯ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেছেন। এই সময়ে কতজন মারা গেছে সেটির কোনো হিসেব নাই। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মনে করে, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন, তাদের ১২ শতাংশ বাংলাদেশি।

ইউএনএইচসিআরের প্রতিবেদন থেকে জানা যায়, সাগর পথে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রতি বছরই শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশ। ২০২৪ সালে ১৪ হাজার ২৮৪ জন, ২০২৩ সালে ১২ হাজার ৭৭৪ জন, ২০২২ সালে ১৫ হাজার ২২৮ জন, ২০২১ সালে ৭ হাজার ৮৩৮ জন এবং ২০২০ সালে ৪ হাজার ১৪১ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছেন।

এদিকে ইউএনএইচসিআরের গত কয়েক বছরের সাগরপথে ইতালিতে যাওয়ার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২–২০২৩ সময়ে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের অংশ তুলনামূলকভাবে কম ছিল। সে সময় পর্যন্ত এ সংখ্যা ছিল প্রায় ১৪–১৫ শতাংশের কাছাকাছি। তবে ২০২৪ সালে এই হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে প্রায় ২০–২৫ শতাংশে পৌঁছে। এরপর ২০২৫ সালে এই প্রবণতা আরও দ্রুত বেড়ে যায়। এ বছরের প্রথমার্ধে ইতালিতে মোট আগতদের মধ্যে বাংলাদেশিরা ৩২ দশমিক ৪ শতাংশ ছিল। সর্বশেষ ২০২৬ সালের শুরুতে ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোদের মধ্যে বাংলাদেশিদের হার ৩৪ দশমিক ১ শতাংশ।

লিবিয়া থেকে যাত্রা শুরু, টাকা আদায়ে ‘গেম ঘরে নির্যাতন’

গণমাধ্যমের গত কয়েক বছরের তথ্য অনুসারে, ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন দেশের নাগরিকেরা ভূমধ্যসাগরের সেন্ট্রাল মেডিটেরানিয়ান রুট দিয়ে যাত্রা শুরু করেন। দালালেরা এ জন্য লিবিয়ার সাগর ব্যবহার করেন। গত বছরের ডিসেম্বরে সব দেশের নাগরিকদের মধ্যে সমুদ্র পাড়ি দিয়ে আসা বাংলাদেশি নাগরিক ছিলেন ৩১ শতাংশ। এর পরে আছে মিসর ও সুদান। সেই সময় যেসব নাগরিক লিবিয়া থেকে রওনা হয়েছিল তার ৩৯ শতাংশই ছিল বাংলাদেশি।

লিবিয়া থেকে বেঁচে ফিরে আসা ভুক্তভোগী সূত্রে জানা যায়, এই রুটে যাত্রার জন্য বিভিন্ন দেশের দালালচক্র জড়িত রয়েছে। অনেকে যাত্রার আগে অর্ধেক টাকা এবং ইউরোপ পৌঁছার পর বাকি টাকা দেওয়ার শর্ত দেয়। তবে কেউ টাকা দিতে না চাইলে বা পালানোর চেষ্টা করলে ‘গেম ঘরে’ আটকে রেখে নির্যাতন করা হয় বলেও অভিযোগ পাওয়া যায়।

২৮ মার্চের খবর: ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে খারাপ আবহওয়া ও পথ হারিয়ে নৌকায় ১৮ জন বাংলাদেশিসহ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়া ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন—দিরাই উপজেলার তারাপাশা গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে নুরুজ্জামান সরদার ময়না; আব্দুল গণির ছেলে সাজিদুর রহমান; ইসলাম উদ্দিনের ছেলে শাহান মিয়া; রনারচর গ্রামের আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান; বাসুরি গ্রামের মো. সুহানুর রহমান ও মাটিয়াপুর গ্রামের তায়েফ মিয়া; জগন্নাথপুরের চিলাউড়া গ্রামের সোহানুর রহমান; টিয়ারগাঁওয়ের শায়েখ আহমেদ; চিলাউড়া কবিরপুরের মো. নাঈম; পাইলগাঁওয়ের আমিনুর রহমান; ইছগাঁওয়ের মোহাম্মদ আলী ও দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ফাহিম আহমেদ মুন্না। বাকি মৃতদের পরিচয় এখনো জানা যায়নি।

মৃত নাইমের মা আঁখি বেগম বলেন, আমার ছেলে ইউরোপ যাওয়ার জন্য দালালকে ১৫ লাখ টাকা দিয়েছিল। কিন্তু তারা ছোট নৌকায় পাঠিয়ে ছেলেকে মেরে ফেলেছে।

শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, আসলে দীর্ঘদিন ধরে দেশের মানুষেরা ইউরোপের কয়েকটি দেশে অবৈধভাবে গিয়ে থাকার সুযোগ পেয়েছে। তাই ভালো সুযোগ হিসেবে অনেকেই এই অবৈধ পথ বেছে নেন। এটি অবশ্য এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন দেশ রয়েছে। কারণ সেখানের পরিচিত কেউ একটি দেশে গিয়ে ভালো সুযোগ–সুবিধা পাওয়ার পর অন্যরা যেতে উৎসাহিত হয়েছেন।

তিনি আরও বলেন, এই অবৈধভাবে ইউরোপ যাত্রা ঠেকানোর জন্য স্থানীয়ভাবে সচেতনতার ক্যাম্পেইন করা প্রয়োজন। পাশাপাশি যেসব সাব–এজেন্ট মানুষদের প্রলোভন দেখায় তাদের শণাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া। আর এইসব রুটে বিভিন্ন মাফিয়া থাকে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ভুক্তভোগী দেশগুলোর মানবপাচার বিরোধী চুক্তি করা।

গত রোববার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘‘গ্রিসের ঘটনায় একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক মানবপাচারচক্র জড়িত। এ চক্রের সদস্যরা বাংলাদেশ ও লিবিয়া দুই দেশেই সক্রিয়। তারা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার পর তাদের বিপজ্জনক পথে পাঠিয়ে জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়।’’

তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দিয়েছেন, যাতে দ্রুত এ চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। প্রয়োজনে আন্তর্জাতিক আইন ও বাংলাদেশের আইন— উভয় ব্যবস্থায় বিচার নিশ্চিত করার কথাও বলেন তিনি।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে