logo
খবর

বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান অধ্যাপক ইউনূসের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ অক্টোবর ২০২৪
Copied!
বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান অধ্যাপক ইউনূসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান। প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁও, ঢাকা। ২৮ অক্টোবর ২০২৪। ছবি: সংগৃহীত

সৌদি আরবকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের পাশাপাশি জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, তাঁর দেশ বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী। বন্দর ও লজিস্টিক খাতে বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এবং আকোয়া পাওয়ারের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রস্তাবিত সৌদি বিনিয়োগ সহজতর করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সমর্থন কামনা করেন তিনি।

দুই দেশের মধ্যকার সম্পর্ককে অন্য দেশের তুলনায় 'অনন্য' ও 'আলাদা' উল্লেখ করে প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে বলেন, 'এখন সৌদি আরব আমাদের সর্বোচ্চ সমর্থন দিতে পারে।’

অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য সহায়তা বাড়াতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে অর্থ জমা দেওয়ার জন্য সৌদি সরকারের কাছে তাঁর অনুরোধ পৌঁছে দিতে রাষ্ট্রদূতের মাধ্যমে আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এটি হবে 'অন্তর্বর্তী সরকারের প্রতি একটি চমৎকার ইঙ্গিত।’

তিনি উন্নত জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্যে সাশ্রয়ী সরবরাহ ও বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখতে তেল সমৃদ্ধ দেশটিতে যাতে বাংলাদেশ আরও দক্ষ কর্মী পাঠাতে পারে সেজন্য বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রদূত আল দুহাইলান সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করে বলেন, আরও দক্ষতা অর্জন তাদের আরও ভালো বেতন উপার্জন এবং দেশে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে সহায়তা করবে।

রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, সৌদি আরব প্রতিদিন বাংলাদেশি অভিবাসী ও উমরাহ হজ যাত্রীদের জন্য গড়ে পাঁচ হাজার ভিসা দিয়ে থাকে।

২০২৩ সালে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে দুটি পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে দুটি চিঠি হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, 'আমাদের সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং ইনশাল্লাহ বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’

তিনি প্রধান উপদেষ্টাকে পবিত্র কোরআনের একটি কপি এবং সৌদি আরবের জাতীয় পাখি বাজপাখির একটি রেপ্লিকা উপহার দেন।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে