logo
খবর

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কায়রোতে ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে মিসর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ অক্টোবর ২০২৪
Copied!
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কায়রোতে ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে মিসর
বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁও, ঢাকা। ৩০ অক্টোবর ২০২৪। ছবি: সংগৃহীত

এ বছরের ডিসেম্বরে কায়রোতে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিসর।

বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি বুধবার (৩০ অক্টোবর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে জানান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও নাইজেরিয়া- অন্তত পাঁচটি দেশের সরকার প্রধানরা ১৬ থেকে ১৯ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব বৈঠকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনের উপায় নিয়ে আলোচনা হবে।

জুলাই-অগাস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণের প্রচেষ্টায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার সরকারের সমর্থনের কথাও জানান রাষ্ট্রদূত।

অধ্যাপক ইউনূস এই সমর্থনকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, মিসর ও বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম যেমন ওআইসি এবং ডি-৮ এ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি মিসরে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

রাষ্ট্রদূত ফাহমি আশা প্রকাশ করেন, ডি-৮ শীর্ষ সম্মেলন চলাকালে বাংলাদেশ থেকে ব্যবসায়ী প্রতিনিধিরাও মিসর সফর করবেন।

তিনি বলেন, মিসর তৈরি পোশাক ও ওষুধ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে লাভবান হতে চায় এবং পাট চাষও শিখতে চায়।

তিনি বলেন, দুই দেশের উচিত কৃষি, বস্ত্র ও ওষুধ শিল্পের ক্ষেত্রে অসম্পন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের কাজ ত্বরান্বিত করা।

রাষ্ট্রদূত ২০৩১-৩২ সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনের বাংলাদেশের প্রার্থিতার জন্য মিসরের সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি ইউনেসকোর মহাপরিচালক পদে কায়রোর প্রার্থিতার জন্য ঢাকার সমর্থন কামনা করেন।

তিনি বাংলাদেশ ও মিশরের মধ্যে ফরেন অফিস কনসালটেশন নবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।

দুই দেশের মধ্যে প্রথম এফওসি ২০১৮ সালে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় এফওসি ২০২১ সাল থেকে মুলতবি রয়েছে।

উল্লেখ্য, উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি–৮। সংস্থাটি ডেভলপিং এইট নামে পরিচিত। এটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট। বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক—এই ৮টি দেশ নিয়ে ডি–৮ সংস্থা গঠিত।

১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ ডি-৮-এর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রথম ডি-৮ শীর্ষ সম্মেলন ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়।


আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে