logo
খবর

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জুলাই ২০২৫
Copied!
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ মঙ্গলবার দুপুরে। ছবি: সাজিদ হোসেন

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানী ঢাকার সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

খবর প্রথম আলোর।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হয় শিক্ষার্থীরা।

ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে প্রথম আলোকে বলেন, ‘মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত ৩টার দিকে কেন এই সিদ্ধান্ত নিতে হবে। সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছেন পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না। তাই তাদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন স্লোগান দিচ্ছে।

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিবালয়ের প্রতিটি গেটে অবস্থান নিয়েছে।

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ফটকে এসেছে। যারা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাঁদের খাতা পুনঃ মূল্যায়নের দাবিতেও সচিবালয়ের সামনে এসেছে তারা।

সচিবালয়ের গেটগুলো বন্ধ করে দেওয়ায় ভেতরে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের  উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টার মাহফুজ আলম পরীক্ষা স্থগিতের তথ্য জানান। এরপর আজ সকাল সোয়া ৭টার দিকে  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরীক্ষা স্থগিতের কথা জানান। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও পরীক্ষা স্থগিতের তথ্য জানায়।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১০ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১১ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে