logo
খবর

নির্বাচিত সরকার এলে চুপচাপ সরে যাব: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ জুন ২০২৫
Copied!
নির্বাচিত সরকার এলে চুপচাপ সরে যাব: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী এপ্রিলের মধ্যেই দেশ নির্বাচিত সরকার পাবে, এবং এরপর বর্তমান সরকার চুপচাপ সরে যাবে। ১২ জুন ব্রিটেনের দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারপ্রধান আরও বলেন, রাজনৈতিক আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও মানুষ এখনো সরকারকে শত্রু হিসেবে দেখে।

ড. ইউনূসের ভাষায়, ‘নতুন বাংলাদেশে’ বিশ্বাস আনতে হলে গ্রামের পর গ্রাম, সরকারের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করা ছাড়া উপায় নেই। শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস জানান, গত জুলাইয়ে ছাত্র–জনতার আস্দোলনের মাধ্যমে শেথ হাসিনার পতনের পর তিনি দায়িত্ব নিয়েছেন। এখন তিনি চান, এমন একটি রাষ্ট্র গড়ে উঠুক, যা সাধারণ মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারবে। কারণ, দীর্ঘদিন ধরে মানুষ মনে করে, সরকার তাদের কোনো কিছুই দেয় না।

প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট থেকে শুরু করে ব্যবসার লাইসেন্স নিতে গেলে ঘুষ দিতে হয়। সরকারের সদস্যরা টাকা আত্মসাৎ করেছে। প্রতিটি স্তরে দুর্নীতির বিস্তার রয়েছে। তিনি বলেন, ‘সব সময়ই কেউ না কেউ ওত পেতে থাকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার জন্য। মানুষ মনে করে, সরকার হলো তাদের চিরস্থায়ী শত্রু। এই শত্রুর সঙ্গে যুদ্ধ করেই বাঁচতে হয়। এই শত্রু এতই শক্তিশালী যে মানুষ তার কাছ থেকে দূরে থাকতে চায়।’

সরকারি চাকরিতে কোটার মাধ্যমে আওয়ামী লীগপন্থীদের সুবিধা দেওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ থেকে আন্দোলন শুরু হলেও এর পেছনে অন্য কারণগুলোর মধ্যে অন্যতম ছিল—জীবনযাত্রার উচ্চ ব্যয় ও তরুণদের সুযোগের অভাব। আওয়ামী লীগ প্রধান হাসিনা ধীরে ধীরে একনায়কতান্ত্রিক হয়ে উঠেছিলেন। বিরোধীদের দমন করছিলেন, মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করছিলেন। ব্যাংকিং খাত ভেঙে পড়েছিল তাঁর দলের লোকজনের দুর্নীতির কারণে। এলিট শ্রেণির একাংশ বিশাল অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ না করায় সাধারণ মানুষ নিজের টাকাও তুলতে পারছিল না।

২০২৪ সালের সেই আন্দোলনের মধ্য দিয়ে অনেকে আশা করেছিলেন, দেশের বিষাক্ত ও দ্বন্দ্বপূর্ণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। যেখানে দুই প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতার জন্য মুখোমুখি হয়েছে। ইউনূস বলেন, ‘আমাদের শুরুটা ছিল এক ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, এক বিপর্যস্ত সমাজ নিয়ে। প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছিল। আমরা জানতাম না, আমাদের বিলগুলো মেটাতে পারব কি না। বিপুল অঙ্কের সম্পদ যেন কারও মালিকানায় নেই, এমনভাবে লুটপাট করা হয়েছে। ব্যাংকগুলো ঋণ দিয়েছে, কিন্তু তারা জানত এটা ঋণ নয়, উপহার—যা আর কখনোই ফিরে আসবে না।’

চলতি বছরের জানুয়ারিতে নির্বাচনী ব্যবস্থা, দুর্নীতি আর জনকল্যাণ নিয়ে কয়েকটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ড. ইউনূস এখন চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সংস্কার নিয়ে ঐকমত্য গড়ে তুলতে। আগামী জুলাইয়ে আন্দোলনের এক বছর পূর্তির আগেই ‘জুলাই সনদ’ নামে একটি ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করতে চান তিনি, যেন এরপর এপ্রিলের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়।

ইউনূস বলেন, ‘এই চুক্তি হবে ঐতিহাসিক। সব দলকে একত্র করবে। কমিশনগুলো যে সুপারিশ দিয়েছে, সেগুলো সাধারণ নয়। এগুলো ভাসা-ভাসা কিছু নয়, একটু ভালো করার বা সামান্য পরিবর্তনের পরামর্শ নয়। আমাদের দায়িত্ব এসব বাস্তবায়ন করা এবং দেশকে এক কার্যকর, স্বাভাবিক ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘তারপর আমরা গর্ব করে বলতে পারব, একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।’ তবে ইউনূস স্বীকার করেন, সব পক্ষের মধ্যে ঐকমত্য আনা সহজ হবে না। বিএনপি এখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং নির্বাচনে জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে। তারা দ্রুতই ভোট চায়। পাশাপাশি প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের সীমাবদ্ধতার বিরোধিতা করছে।

তবু ইউনূস মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যেভাবে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে, সেটি আগের বাংলাদেশে দেখা যায়নি। যেখানে দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে মতৈক্যের কোনো নজির ছিল না। রাষ্ট্র কীভাবে মানুষের জন্য কাজ করবে—সেটি বদলাতে চান ইউনূস। তিনি চান, সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা কিংবা অন্য খাতে কাজ হোক। তিনি নিজেই যে মাইক্রোক্রেডিট মডেল তৈরি করেছিলেন, সেটিকে আরও সম্প্রসারিত করতে চান।

এই খাত বর্তমানে এনজিও নির্ভর। যারা দরিদ্র মানুষকে ছোট ঋণ দিয়ে ক্ষুদ্র ব্যবসা করতে সাহায্য করে। ইউনূস চান, এটি একটি আনুষ্ঠানিক ব্যবস্থা হোক। যেখানে ক্ষুদ্রঋণের জন্য বিশেষায়িত ব্যাংক থাকবে। তাঁর ভাষায়, এতে উদ্যোক্তা তৈরি হবে। কারণ দরিদ্র মানুষ সাধারণ ব্যাংকের কাছে যেতে পারে না, তারা ঋণ দেয় না।

মাইক্রোক্রেডিট নিয়ে নেতিবাচক ভাবনা তৈরি হয়েছে। কারণ, কিছু ঋণদাতা উচ্চ সুদ আরোপ করেছে। তবে ইউনূস বলেন, এই মডেল বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, ‘মানুষ ভাবে, মাইক্রোক্রেডিট দরিদ্রদের কাছ থেকে টাকা কেড়ে নিচ্ছে। কিন্তু আসলে তা নয়। তাই একে খারাপ নাম দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে, এটা ঠিক করতে হবে। কিন্তু আমি বলি, ঠিক করার কিছু নেই। মাইক্রোক্রেডিটের কোনো ভুল নেই।’

ইউনূস বরাবরই প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সমালোচক। কারণ, এতে দরিদ্রদের প্রবেশাধিকার নেই। আবার একই সঙ্গে এই ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে ক্ষমতাসীনদের ঋণখেলাপির কারণে। মানুষ পর্যন্ত নিজের জমানো টাকা তুলতে পারেনি।

এক বছর আগেও শেখ হাসিনা তাঁকে প্রকাশ্যে আক্রমণ করতেন। হঠাৎ করেই তাঁকে সরকারে নিয়ে আসা হয়। ইউনূস বলেন, তিনি এপ্রিলের নির্বাচন পর্যন্তই দায়িত্ব পালন করবেন। এরপর আর সরকারের সঙ্গে থাকবেন না। এখন তাঁর কাজ হলো বিভিন্ন রাজনৈতিক চাপের ভারসাম্য রক্ষা করে সংস্কার বাস্তবায়ন।

ইউনূস বলেন, ‘আগে আওয়ামী লীগের লোকেরা আমাকে আক্রমণ করত, এখন সবাই করে। এটা স্বাভাবিক। এই দায়িত্বে থাকলে সবাই আপনাকে নিয়ে কিছু বলবেই। আপনাকে সেটা মেনে নিতে হবে।’ ইউনূস বলেন, ‘এপ্রিলের পর আমরা একটি নির্বাচিত সরকার পাব। আর আমরা চুপচাপ সরে যাব।’

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে