logo
খবর

মাইজদীর হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ জানুয়ারি ২০২৫
Copied!
মাইজদীর হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান
নোয়াখালী শহরের মাইজদী-সোনাপুর মহাসড়কের হকার মার্কেটে আগুনে পুড়ে যাওয়া একটি দোকান। রক্ষা করা যায়নি কোনো মালামাল। রোববার (১২ জানুয়ারি) সকালের দৃশ্য। ছবি: প্রথম আলো

নোয়াখালী জেলা শহর মাইজদীতে আগুন লেগে পুড়ে গেছে ১২টি দোকান। গতকাল শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের গণপূর্ত ভবনের বিপরীতে মাইজদী-সোনাপুর মহাসড়কের পশ্চিম পাশে হকার্স মার্কেটে এ ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

খবর প্রথম আলোর।

আজ রোববার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত পৌনে ১২টার দিকে গণপূর্ত ভবনের পশ্চিমে হকার্স মার্কেটের ভেতরে একটি ছাপাখানার পাশের একটি দোকানে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে দ্রুত মাইজদী ফায়ার স্টেশনের ২টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আরও ১১টি ইউনিট। আশপাশের এলাকার বাসিন্দারাও আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

একই সময় পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুকের নির্দেশে সুধারাম থানা-পুলিশ ও জেলা পুলিশ লাইনস থেকে পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল উদ্ধারে সহায়তা করে তারা।

আগুনে মহাসড়কের পার্শ্ববর্তী খান স্টোর (ক্রোকারিজ), রিকশা অ্যান্ড সাইকেল মার্ট, পেন্সি প্রেস, লাকি স্টোর, এম এইচ টয়েস বেগ ওয়ার্ল্ড, পিজ্জা টাউন, অরুণ দন্ত চিকিৎসালয়, মডার্ন গ্যালারি, নূপুর মার্কেটের ভাই ভাই হোটেলসহ কমপক্ষে ১২টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, পুড়ে গেছে একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের টাওয়ারের যন্ত্রাংশও।

ক্ষতিগ্রস্ত খান স্টোরে কর্মরত মো. সালভিন প্রথম আলোকে বলেন, তাদের দোকানের মালিকের নাম সালাউদ্দিন। আগুনে তাদের কোটি টাকার পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কিছুই উদ্ধার করতে পারেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাইজদী স্টেশনের ইনচার্জ আবদুল কাদের চৌধুরী বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা গিয়ে কাজ শুরু করেন। এরপর জেলার বিভিন্ন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। রাত ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ১২টি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর তিনি সুধারাম থানা-পুলিশকে ঘটনাস্থলে পাঠান। একই সঙ্গে জেলা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। তিনি নিজেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে সহায়তায় এগিয়ে আসতে অনুরোধ করেন।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে